
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরাধ দমনে পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, মাদক ও পরোয়ানাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার (১৪ নভেম্বর) গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি সাগর মাহমুদ (৩২), সামারি ট্রায়াল মামলার অভিযুক্ত সেলিম (৪৫), সিআর পরোয়ানাভুক্ত ইব্রাহিম, মাদক মামলার আসামি বিল্লাল হোসেন (২৫) এবং পূর্বের একটি নিয়মিত মামলার আসামি শাহিন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সাগর মাহমুদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী জোড়া খাম্বা এলাকায় বসবাস করতেন। সেলিমের বাড়ি ফতুল্লার হাজীগঞ্জ এলাকায়। ইব্রাহিম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাঘ এলাকার বাসিন্দা হলেও থাকতেন সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে।
অন্যদিকে, মাদক মামলায় গ্রেপ্তার বিল্লাল হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নেছারুন বাজার এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী রোডের বাগমারা এলাকায় বসবাস করতেন। অপর গ্রেপ্তার শাহিন রূপগঞ্জের মুড়াপাড়া দড়িকান্দি এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
এলাকায় মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।




