দর্শনার অদূরে চলন্ত ট্রেন থামিয়ে ডাকাতি, ধারালো অস্ত্রের আঘাতে লোকোমাস্টারসহ দুইজন গুরুতর আহত

চুয়াডাঙ্গার দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে থাকা একটি খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ট্রেনের লোকোমাস্টার (চালক) ও সহকারী লোকোমাস্টার গুরুতর আহত হয়েছেন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছাকাছি দুধপাথিলা মুরগি ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনাগামী একটি খালি বিটিও (BTO) তেলবাহী ট্যাংকার ট্রেন ক্রসিংয়ের জন্য দুধপাথিলা মুরগি ফার্ম সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
হামলার পর ডাকাত দলের সদস্যরা তাঁদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত অবস্থাতেই দুই চালক ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উথলী রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

তিন মাস ধরে শিক্ষা অফিসারের পদ শূন্য, ব্রাহ্মণপাড়ার ৪১ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত দিয়ে চলছে কার্যক্রম

সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়ার উপক্রম

স্টেশন মাস্টার না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ পীরগাছার চৌধুরাণী রেলওয়ে স্টেশন, চরম দুর্ভোগে যাত্রীরা

রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী রেলওয়ে স্টেশনটি শুধুমাত্র স্টেশন মাস্টার না