
ফরিদপুরের চরভদ্রাসনে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ প্রদান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আর্ন প্রকল্পের অবহিতকরণ সভা ও উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার ছোট সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও বিশ্বব্যাংকের সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আসপাদা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। বক্তব্য দেন আর্ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ও উপজেলা ব্যবস্থাপক শেখ মেহেদী হাসান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সী পিছিয়ে পড়া ও বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং শোভন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
সভায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় এবং নবগঠিত উপজেলা সমন্বয় কমিটির দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


