কোটালীপাড়ায় লকডাউন সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ঘোষিত লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকরা। যুবলীগ নেতা হায়দার হাজরার নেতৃত্বে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বালিয়াভাঙ্গা বাজার থেকে এ মিছিল বের করা হয়।
মিছিলটি বালিয়াভাঙ্গা বাজার থেকে শুরু হয়ে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের সামনের সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন মিছিলে অংশগ্রহণকারীরা।
এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকরা কোটালীপাড়া থানার সামনে এবং পরবর্তীতে উপজেলা পরিষদের সামনের সড়কে পৃথক মিছিল করেন। মিছিল চলাকালে কোটালীপাড়া থানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় ফটকের ভেতরে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। প্রায় ৩০ মিনিট ধরে দুই স্থানে মিছিল করার পর তারা সেখান থেকে চলে যান।
এছাড়া উপজেলার সদর এলাকার ঘাঘর বাজার, কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রাম, আমতলী ইউনিয়নের ওয়াপদারহাট ও মনসাবাড়ি এবং হিরণ ইউনিয়নের হিরণ গ্রামেও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল করার খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন