রূপগঞ্জে গভীর রাতে দুটি বাসে আগুন, আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতরাত সাড়ে ৩টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল রশিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি বাসে ঘুমিয়ে থাকা হেলপার আলম চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন