সদরপুরে বিস্তীর্ণ মাঠে পাকা আমন ধানের মৌ-মৌ গন্ধে নবান্নের হাতছানি

সদরপুর উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা আমন ধানের সমারোহ। হালকা বাতাসে দুলছে কৃষকের স্বপ্নের  সোনালী শিষ। মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে পাকা ধানের মৌ-মৌ গন্ধ। প্রকৃতির এই অপরূপ দৃশ্যে গ্রামবাংলার মাঠে যেন আগাম বার্তা দিচ্ছে নবান্নের।

দীর্ঘ কয়েক মাসের শ্রম, ঘাম আর পরিচর্যার পর কৃষকের সেই স্বপ্নের ফসল এখন ঘরে তোলার অপেক্ষায় । বিস্তীর্ণ মাঠের পাকা ধানের সোনালী আভা কৃষকের মনে  জাগিছে নতুন প্রত্যাশা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে আমন ধান পেকে উঠেছে। কোথাও ধানের শিষ সোনালি রং ধারণ করে নুয়ে পড়েছে, কোথাও চলছে ধান কাটার প্রস্তুতি। আগাম রোপন করা কিছু জমিতে শুরু হয়েছে ধান কাটার উৎসব। কৃষকেরা কাস্তে হাতে ধান কাটায় ব্যস্ত মাঠে, কেউ ধানের আঁটি বাঁধছেন, আবার কেউ মাড়াই ও ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। ধান পাকার মৌসুম ঘিরে সদরপুরের গ্রামীণ জনপদে বেড়েছে কর্মচাঞ্চল্য।

কৃষকদের কাছে আমন ধান কেবল একটি ফসল নয়, এটি তাঁদের সারা বছরের পরিশ্রম, সংগ্রাম ও প্রত্যাশার প্রতিচ্ছবি। বীজতলা তৈরি, জমি প্রস্তুত, চারা রোপণ, সময়মতো সেচ দেওয়া ,সার প্রয়োগ, আগাছা পরিষ্কার ও পোকামাকড় দমনের মতো নানা ধাপ পেরিয়ে ধান এখন পরিপক্ব পর্যায়ে। চলতি মৌসুমে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় অনেক কৃষক ভালো ফলনের আশা করছেন।

চলতি আমন মৌসুমে কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সদরপুর উপজেলার ১ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আমন ধানের বীজ ও ডিএপি সার বিতরণ করা হয়েছে। কৃষকদের আশা, সরকারি এ সহায়তা উৎপাদন ব্যয় কিছুটা কমাতে ভূমিকা রাখবে।

ধানচাষি নুর আলম বিশ্বাস বলেন, এবার আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন তাঁরা। তবে তেলের দাম বাড়ায় ধান কাটা, মাড়াই ,সেঢ ও পরিবহন খরচ বেড়েছে। উৎপাদন খরচ পুষিয়ে বাজারে ভালো দাম পাওয়া গেলে কৃষকেরা লাভবান হবেন।

তবে মাঠে সোনালি ফসলের সমারোহ থাকলেও কৃষকদের দুশ্চিন্তা কাটেনি।

 সার, বীজ, কীটনাশক, জমি প্রস্তুত, শ্রমিকের মজুরি থেকে শুরু করে ধান কাটা ও মাড়াই—সব ক্ষেত্রেই বেড়েছে খরচ। ফলে ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন ধান চাষি রশিদ ব্যাপারী ।

তাঁদের প্রত্যাশা, উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম জোরদার করা হলে কৃষকেরা ন্যায্য দাম পাবেন। এতে কৃষকের পরিশ্রমের যথাযথ মূল্যায়নের পাশাপাশি পরিবারে ফিরবে আর্থিক স্বস্তি, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি।

সব মিলিয়ে সদরপুরের মাঠজুড়ে এখন আমন ধান ঘিরে নতুন প্রত্যাশা। সবুজ থেকে সোনালি হয়ে ওঠা প্রতিটি ধানের শিষে যেন মিশে আছে কৃষকের স্বপ্ন, শ্রম আর বেঁচে থাকার গল্প। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে চলতি মৌসুমে ভালো ফলনের প্রত্যাশা করছেন তাঁরা। এখন কৃষকের অপেক্ষা—সোনালি ফসল গোলায় তুলবেন, ঘরে ফিরবে স্বস্তি, আর পরিশ্রম সার্থক হওয়ার আনন্দে মুখে ফুটবে হাসি। এই প্রত্যাশায় প্রহরছে সদরপুরের প্রান্তিক ধান চাষিরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন