
২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহেশপুর উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো: হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ অফিসার মো: ইমাম হোসেন জ্যোতি, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: আমিরুল ইসলাম , উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং মহেশপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাসময়ে সঠিক নিয়মে বীজ রপন ও সার প্রয়োগের মাধ্যমে সরিষাসহ রবি শস্যের বাম্পার ফলন নিশ্চিত করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে উপস্থিত প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যের বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ।




