ঝিনাইদহে টানা বৃষ্টিতে পানির নিচে ধানের মাঠ, বাড়ছে কৃষকের লোকসান

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে ঝিনাইদহে বিস্তীর্ণ ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমিতে হাঁটুসমান পানি জমে ধানের গোড়া ও ডগা ডুবে গেছে। কোথাও কোথাও হালকা বাতাসে কাঁচা ধান মাটিতে হেলে পড়েছে। এতে ধান কাটা, মাড়াই ও ঘরে তুলতে বাড়তি শ্রমিক খরচ গুনতে হচ্ছে কৃষকদের। ধানের পাশাপাশি শীতকালীন সবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতির মুখে পড়েছে।

সরেজমিনে সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, অধিকাংশ জমিতে বৃষ্টির পানি জমে আছে। অনেক জমির পাকা ধান পানির নিচে থাকায় তা কাটতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে। এতে সরিষা, ছোলা, মসুর ও গম চাষের মৌসুম পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। একই চিত্র জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলাতেও।

কুমড়াবাড়িয়া গ্রামের কৃষক আনিচুর রহমান বলেন, টানা বৃষ্টিতে ধানের জমিতে হাঁটুপানি জমেছে। নিচু জমির ধান পানিতে ভাসছে। কেটে রাখা ধানও পানিতে ডুবে গেছে। বাধ্য হয়ে ধানের ডগা কেটে নিতে হচ্ছে। এতে শ্রমিক খরচ বাড়ছে, আবার পানিতে নষ্ট হওয়া ধানের দামও বাজারে কম পাওয়া যাবে।

কালুহাটি গ্রামের কৃষক মো. সোলাইমান বলেন, বৃষ্টিতে ধানের পাশাপাশি শীতকালীন সবজির ক্ষেতও অনেকটা নষ্ট হয়ে গেছে। সরিষা ও গমের আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াই করতে খরচ প্রায় দ্বিগুণ হচ্ছে। বাড়তি এই খরচ কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে ঝিনাইদহে ১ লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ছয় উপজেলায় গম আবাদের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৩৮০ হেক্টর এবং সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৫২৬ হেক্টর নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে গম বপনের সময় অন্তত দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে। একই সঙ্গে সরিষা ও ভুট্টার বীজ বপনেও বিলম্ব হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। শীতকালীন সবজির ক্ষেতও বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া সরিষা, গম ও ভুট্টার বীজ বপন ও রোপণে কিছুটা বিলম্ব হতে পারে। ফসলের ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য সংগ্রহে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন জেলার কৃষকরা। দ্রুত পানি নেমে না গেলে আমন ধানের ক্ষতির পাশাপাশি পরবর্তী মৌসুমের ফসল আবাদেও বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

যশোর ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস-২৬ উদযাপন অনুষ্ঠানে চুয়াডাঙ্গার দুই সংসদ সদস্যের অংশগ্রহণ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যশোর অঞ্চলের ক্যান্টনমেন্টে মহান