সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা, সরকারের বিরুদ্ধে ছাত্রশিবিরের ক্ষোভ

ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। এ ঘটনায় সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগও তুলেছে সংগঠনটি।

আজ রোববার (২২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতারা বলেন, রোববার রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরিবারের সদস্যরা যেন প্রাণরক্ষায় বাড়ি থেকে বের হতে না পারেন, সে উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত।
এর আগে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে আবারও সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলা এবং বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। অথচ এসব তৎপরতা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয়।

বিবৃতিতে বিএনপি সরকারেরও সমালোচনা করেন ছাত্রশিবিরের নেতারা। তারা বলেন, একদিকে সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে। অন্যদিকে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না করে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ফ্যাসিস্টদের পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার পথ তৈরি করছে।

এর ফলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি করেন তারা। জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি ও জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রশিবিরের শীর্ষ নেতারা।

বিবৃতিতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী নাশকতার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের নেতারা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিষিদ্ধ আ.লীগের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে দিনাজপুরে মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে