গাজীপুরে আজও শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, ছুটি ১২ কারখানা

গাজীপুরের শ্রীপুরে চার দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড, গিলারচালা (আসপাডা) ও গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় তারা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে শ্রীপুর পৌরসভা এলাকার ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকালের ঘটনায় গিলারচালা (আসপাডা) এলাকার ভিনটেজ ডেনিম লিমিটেডের এক নারী শ্রমিকের পায়ে গুরুতর আঘাত লাগে। ওই শ্রমিক কীভাবে আহত হলেন, তা জানতে চেয়ে কারখানার ভেতরে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা। পরে সকাল সাড়ে ১০টার দিকে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা মহাসড়কে এসে জড়ো হন।

এ খবর ছড়িয়ে পড়লে পাশের মেঘনা গ্রুপের সাবলাইন পোশাক কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়। এরপর একে একে ইউনিলেন্স, সাসটেইনেবল ওয়াশিং প্লান্ট, মেঘনা ডেনিম লিমিটেড, আমান টেক্সটাইল মিলস লিমিটেড, রাতুল অ্যাপারেলস লিমিটেড, ফখরুদ্দিন গার্মেন্টস, হ্যামস গার্মেন্টস, ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টর ইন্টিমেটস লিমিটেড ও ক্রিস্টাল গার্মেন্টস লিমিটেডে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট কারখানায় বাইরে থেকে শ্রমিকেরা হামলা চালালে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

পরে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বের হয়ে আনসার রোড, আসপাডা ও মাস্টারবাড়ী এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় আতঙ্কে প্রায় আধা ঘণ্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে।

গাজীপুর শিল্প পুলিশের এসপি আমজাদ হোসাইন বলেন, শ্রীপুরের মাস্টারবাড়ী এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। বেলা সাড়ে ১১টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

file_6721

Почему минимализм в гардеробе оказывается популярнее Современный ритм жизни заставляет