
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছে আহ্বায়ক কমিটি।
তাদের দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের কাছে উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
আজ সোমবার (২৩ নভেম্বর) উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আহ্বায়ক কমিটির সদস্যরা নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে যুগ্ম আহ্বায়ক মো. আলম হোসেন ও সাদের হোসেন বুলুসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নির্বাচনী তফসিল অনুযায়ী গত ১৩ নভেম্বর (শুক্রবার) নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু।
নির্বাচনে ২০২৭-২৮ মেয়াদের জন্য দৈনিক প্রথম আলোর আজহারুল হক সভাপতি এবং দৈনিক মানবজমিনের ইমরান হোসেন সুজন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের সাহিদুর হক খান ডাবলু, সহ-সভাপতি বিডিনিউজ২৪-এর এজেডএস সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার বিপ্লব ঘোষ, অর্থ সম্পাদক একুশের কণ্ঠের সম্পাদক আলম হোসেন এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোলা কাগজের ফজলুর রহমান।
এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যমুনা টিভির জহিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের শাহিনুর রহমান ও দৈনিক যুগান্তরের কাজী সোহেল।
আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন কমিটির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলো।
নবনির্বাচিত এ কার্যকরী পরিষদ আগামী ২০২৭-২৮ মেয়াদে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য ও স্বার্থ রক্ষায় কাজ করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠানে দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব, ঢাকা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ, দোহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, কোষাধ্যক্ষ শরীফ হাসান ও আজকের খবরের স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ এবং দোহার নবাবগঞ্জের সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





