
একটি সেতুর অভাবে থমকে গেছে দুই পাড়ের হাজারো মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। স্কুলে যাওয়ার পথ বন্ধ হয়ে পড়েছে শিশুদের, বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষসহ হাজারো বাসিন্দা। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি অবশেষে ভেঙে খালে পড়ে যাওয়ায় বরগুনার তালতলীতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।
বরগুনা জেলার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত প্রায় ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি শুক্রবার দিবাগত রাতে ভেঙে পড়ে। এতে দুই এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মোমেশেপাড়া ও নয়াপাড়া এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে খালের ওপর লোহার সেতুটি নির্মাণ করা হয়। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় সেতুর বিভিন্ন লোহার অ্যাঙ্গেল ক্ষয়ে গিয়ে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ঝুঁকি নিয়েই এত দিন সেতুটি পারাপার করতেন স্থানীয়রা। শেষ পর্যন্ত সেতুটি ভেঙে খালে পড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় চলাচল।
এ সেতু দিয়ে নিয়মিত যাতায়াত করত মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। সেতু ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। ব্যাহত হচ্ছে তাদের নিয়মিত পাঠদান। পাশাপাশি কৃষক, শ্রমজীবী মানুষ ও স্থানীয় বাসিন্দাদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
শিক্ষার্থী মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানায়, সেতুটি ভেঙে পড়ার আগেও ঝুঁকি নিয়ে পারাপার হতে হতো। এখন সেতু না থাকায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। দ্রুত যাতায়াতের বিকল্প ব্যবস্থা করার দাবি জানায় তারা।
মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, রাতে হঠাৎ সেতুটি ভেঙে পড়ে। অনেক বছর ধরেই এটি ঝুঁকিপূর্ণ ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোল নির্মাণের ব্যবস্থা করা হবে।




