দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের প্রস্তুতির মধ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের আগ্রহ দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে মাঠপর্যায়ে সক্রিয়তা ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন অনুষ্ঠিত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু আনারস প্রতীক নিয়ে ৮ হাজার ৩৯৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ সোহাগ রনি নৌকা প্রতীক নিয়ে পান ৭ হাজার ২৬৭ ভোট। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু আত্মগোপনে চলে গেলে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আত্মগোপনে আছেন ওই সময়কার প্রার্থী সোহাগ রনিও।
এদিকে, আগামী নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আশরাফ উদ্দিন। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, ঈদ উপহার বিতরণ, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদানসহ নানা উদ্যোগ স্থানীয়দের দৃষ্টি কাড়ে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, “দুঃসময়ে পাশে থাকা মানুষ হিসেবেই আশরাফ উদ্দিনকে দেখেন তারা।” অনেকেই মনে করছেন, একজন সেবামুখী ও জনবান্ধব প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
ইতোমধ্যে তিনি বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ জোরদার করেছেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। তার এই তৎপরতা নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সচেতন মহল।
অন্যদিকে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমানও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে সক্রিয় রয়েছেন। গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতার মাধ্যমে তিনিও নির্বাচনী আলোচনায় রয়েছেন।
সব মিলিয়ে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে চূড়ান্ত নির্বাচনী চিত্র। তবে ইতোমধ্যেই মাঠে সক্রিয়তা ও জনসম্পৃক্ত কার্যক্রমের কারণে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাজী মো. আশরাফ উদ্দিন।




