বৃহস্পতিবার,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সরকারি গাছ কেটে বিক্রি করলেন সাবেক বিএনপি নেতা

চট্টগ্রামের সীতাকুণ্ডে গত সোমবার ও মঙ্গলবার বড় আকারের ৮টি গাছ বিনা অনুমতিতে কেটে ফেলা হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল মনছুর ৫ থেকে ৬ জন কর্মী দিয়ে এই গাছগুলো কেটে বিক্রি করেছেন।

খবর পেয়ে বুধবার সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম বাকি গাছ কাটা বন্ধ করার আদেশ দেন।

গাছ কাটায় অভিযুক্ত আবুল মনছুর নিজেকে বিএনপির নেতা দাবি করে বলেন, এই গাছগুলো ২০০১ সালে বিএনপি সরকারের সময়ে গ্রাম সরকার কমিটির নেতাকর্মীরা সরকারি অর্থায়নে রোপন করেছিলেন। এই গাছগুলোর দাবিদার বিএনপির তৎকালীন নেতা ও আমি। উপজেলা নির্বাহী অফিসার ও বন কর্মকর্তাদের অনুমতিতে গাছগুলো কাটছি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক বিএনপির নেতা জানিয়েছেন, ঈদে দলের নেতাকর্মীদের উপহার কিনে দিতে সাবেক বিএনপি নেতা আবুল মনছুর সরকারি এই গাছগুলো কাটছেন। ইতোমধ্যে ৬টি গাছ অর্ধ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। তবে গাছগুলো কাটার কোনও বৈধতা নেই।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন বলেন, আবুল মনছুর বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে ওই কমিটি নেই।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফখরুল ইসলাম বলেন, বিনা অনুমতিতে সরকারি কোনও গাছ কাটার সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন