রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিশেষ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
মোটরসাইকেল চুরির ঘটনায় কোতয়ালী থানায় দায়েরকৃত মামলা (নং-১৭, তারিখ: ২৭ মার্চ ২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড) এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত মোঃ সুমন (৩৭) নামের এক ব্যক্তিকে কাপ্তাই থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার জেটিঘাট এলাকার বাসিন্দা।
উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



