বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, রুমা উপজেলা শাখার উদ্যোগে গত ১৯ থেকে ২২ তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপী শিক্ষা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই শিক্ষা ক্যাম্পেইনটি বগালেক কমলা বাজার থেকে শুরু হয়ে ফাইনং পাড়া, সিংলক পাড়া সহ আশপাশের কয়েকটি গ্রামে পরিচালিত হয়। ক্যাম্পেইনের মূল লক্ষ্য ছিল দুর্গম ও শিক্ষাবঞ্চিত এলাকায় শিক্ষার গুরুত্ব তুলে ধরা এবং স্থানীয় শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করা।
আয়োজকরা জানান, রুমা উপজেলার অনেক গ্রাম এখনও নেটওয়ার্কবিহীন ও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, যেখানে শিক্ষা সুবিধা পৌঁছানো কঠিন। এসব এলাকায় ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পৌঁছানোর চেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও, যেসব অঞ্চলে শিক্ষার আলো এখনও সেভাবে পৌঁছায়নি, বিশেষ করে দুর্গম ও প্রান্তিক গ্রামগুলোতে এ ধরনের উদ্যোগ চলমান রাখার পরিকল্পনা রয়েছে। ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি গ্রামবাসী ও স্থানীয় মুরুব্বিদেরও সচেতন করা হয়েছে, যাতে তারা শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার আলো ছড়িয়ে পড়বে এবং একটি সচেতন সমাজ গড়ে উঠবে।




