ইভটিজিং ও বাল্যবিয়ে রোধে ছাত্রীদের দিকনির্দেশনা দিলেন ওসি

দিনাজপুরের পার্বতীপুরে বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ ওয়াদুদ। বুধবার (২ এপ্রিল ২০২৬) সকাল ১০টার দিকে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনি বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় তিনি ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ইভটিজিং একটি গুরুতর সামাজিক অপরাধ, যা প্রতিরোধে সবাইকে সাহসী ও সচেতন হতে হবে। এ ধরনের ঘটনার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাল্যবিয়ের কুফল সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, এটি আইনত দণ্ডনীয় এবং একটি মেয়ের স্বাভাবিক জীবন ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
তিনি আরও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
পরিদর্শনের এক পর্যায়ে ওসি আঃ ওয়াদুদ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পরিচিত হন এবং শ্রেণিকক্ষসহ সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
শিক্ষক ও শিক্ষার্থীরা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন