বান্দরবান–লামায় তিন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, “ফাইতংয়ে ২৬টি অবৈধ ইটভাটায় পুড়ছে বনের কাঠ, ধুলোদূষণে বিপর্যস্ত জনজীবন” শিরোনামে একটি প্রতিবেদন শুক্রবার (০৩ এপ্রিল) দৈনিক আজকের কক্সবাজার বার্তায় প্রকাশিত হওয়ার পরপরই প্রশাসন তৎপর হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (০৪ এপ্রিল) ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙ্গালিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে 7BM, 5BM এবং SBM ব্রিকস নামক তিনটি ইটভাটায় অবৈধভাবে ইট পোড়ানো ও পাহাড় কাটার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিটি ইটভাটার মালিককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় সহযোগিতা করেন লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস.এম হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজসহ পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটায় বনজ কাঠ ব্যবহার ও পরিবেশ দূষণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। প্রশাসনের এই অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন