বরগুনার আমতলী উপজেলার পশ্চিমচিলা এলাকার খাসতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মেদীর খাল সংলগ্ন এলাকায় মানুষের বসতবাড়ি, মসজিদ ও কবরস্থানের জমিতে ভূমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট বন্দোবস্ত বাতিল এবং খাল পুনঃখননের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মেদীর খালটি অব্যবস্থাপনা ও দখলের কারণে নাব্যতা হারিয়ে ফেলেছে। ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয়দের ভোগান্তি বাড়ছে। এরই মধ্যে খালের আশপাশের গুরুত্বপূর্ণ স্থান—বসতভিটা, মসজিদ ও কবরস্থানের জমি—ভূমি বন্দোবস্তের আওতায় দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, “এই খালটি আমাদের এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। এটি ভরাট হয়ে গেলে আমাদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। তাই অবিলম্বে খালের দখলমুক্তকরণ ও খনন কাজ শুরু করতে হবে।”
এলাকাবাসী আরও বলেন, ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনার জমি বন্দোবস্ত দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।




