বান্দরবানে বুকিং কমেছে ৮০ শতাংশ, উৎসবের মৌসুমে তেলের হাহাকার

বিজু, সাংগ্রাইং আর বিষু — পাহাড়ের তিন জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব। এই সময়টাতেই সারা বছরের সবচেয়ে বেশি পর্যটক ভিড় করেন বান্দরবানে। কিন্তু এবার উৎসবের উত্তাপ ছড়িয়ে পড়ার আগেই পাহাড় কন্যার পর্যটনশিল্পে লেগেছে জ্বালানির আগুন।
জেলা সদরে চারটি পেট্রোল পাম্প থাকলেও অধিকাংশ পাম্পেই এখন তেলের দেখা নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে চালকদের। আর এই সংকটের সরাসরি ধাক্কা পড়েছে হোটেল, রিসোর্ট থেকে শুরু করে জিপ-মাইক্রো চালক, বোট চালক, ক্ষুদ্র ব্যবসায়ী — সবার উপর।
হোটেল গার্ডেন সিটির মালিক মো. এমরান জানাচ্ছেন উদ্বেগজনক এক তথ্য। বিজু-সাংগ্রাইং উপলক্ষে এবং আসন্ন সরকারি ছুটিগুলোকে ঘিরে যে আগাম বুকিং আসার কথা ছিল, তার ৮০ শতাংশই এখন নেই। সংকট না কাটলে পর্যটন মৌসুম জুড়েই মন্দা থাকবে বলে আশঙ্কা তাঁর। এতে সরাসরি আর্থিক বিপদে পড়বেন এই খাতের সঙ্গে জড়িত অন্তত ১০ হাজারেরও বেশি শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহনকর্মী।
পর্যটকবাহী গাড়িচালক আক্তারুজ্জামান বাবু বলছেন, বান্দরবানের পর্যটন সড়ক আর নদীপথ নির্ভর। কিন্তু জ্বালানির অভাবে দূরের পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়া এখন প্রায় বন্ধ। নীলগিরি, বগালেক, কেওক্রাডংয়ের মতো জনপ্রিয় স্পটগুলোতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
বান্দরবান জিপ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জহীর উদ্দীন মাসুম জানান, জেলায় তিন হাজারেরও বেশি চালক ও শ্রমিক পর্যটকনির্ভর পরিবহনে জীবিকা নির্বাহ করেন। দূরের পর্যটন কেন্দ্রে যেতে ২০ থেকে ২৫ লিটার তেল লাগলেও কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলছে মাত্র ১০ লিটার। ফলে দূরের রুটে যাওয়া সম্ভব হচ্ছে না, আয়ও কমছে আশঙ্কাজনকভাবে।
প্রশাসনের তরফে বলা হচ্ছে, গত বছরের সমপরিমাণ ডিজেলই সরবরাহ হচ্ছে। তবে কিছু অসাধু মহল মজুতের উদ্দেশ্যে অতিরিক্ত তেল সংগ্রহ করায় সংকট তৈরি হয়েছে। শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা মাঠে নেমেছেন বলে জানানো হয়েছে।
বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান বলেন, বান্দরবানে অকটেন পেতে কিছুটা সমস্যার অভিযোগ পেলেও ডিজেল পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এ বছরও সমপরিমাণ ডিজেল সরবরাহ হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি মজুতের উদ্দেশ্যে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটছে। ফলে শৃঙ্খলা ফেরাতে বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

ভোলা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৯ ভরি ১৫ আনা চোরাই স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার সহ ০১ আসামী গ্রেফতার

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)

মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশানিধন কার্যক্রম উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার করতে স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান মোল্লা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে বক্তারপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতানি পাড়া এলাকায় মোল্লা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মশক নিধন কর্মী ও স্বেচ্ছাসেবকদের হাতে ১টি আধুনিক ফগার মেশিন ও প্রয়োজনীয় কীটনাশক তুলে দেওয়া হয়। কালীগঞ্জ থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শাহরিয়ার মাসুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মোল্লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলজার হোসেন মোল্লা বক্তব্যে  বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা এবং এডিস মশার বিস্তার রোধে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ডেঙ্গু বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।” তিনি আরও জানান, নতুন এই  ফগার মেশিনের মাধ্যমে এলাকার ড্রেন, ঝোপঝাড় এবং জনবহুল স্থানগুলোতে নিয়মিত মশার ওষুধ ছিটানো হবে। মশক নিধনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে কল্যাণ ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। বাসাবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদে জমে থাকা পানি পরিষ্কার রাখার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আহমদুল কবির খান নাইম, গাজীপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাদিম হোসেন সুমন, গোলজার হোসেন মোল্লার বড় ছেলে খাইরুল সজিব, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জহির উদ্দিন, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এসহাক, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সহ-সভাপতি নাজমা বেগম, শরীফ মাস্টার, আব্দুল হাই মাস্টার, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ এর সহ-সভাপতি রাশিদুল হাসান জীবন প্রমূখ। অনুষ্ঠানে মোল্লা কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চেয়ারম্যান গোলজার হোসেন মোল্লা ফগার মেশিনের কার্যক্রম উদ্বোধন এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাতানি পাড়া ও এর আশপাশের এলাকায় মশক নিধন ।