
জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে আকমল হোসেনকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বল্লভেরখাস ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সোলাইমান আলীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলাকারী হিসেবে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা ও বল্লভেরখাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আকমল হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান । মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে কচাকাটা থানার (প্রস্তাবিত উপজেলার) মাদারগঞ্জ বাজারে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি মাদারগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলাকারীদের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন। মিছিল থেকে “জামায়াত নেতার উপর হামলা কেন? প্রশাসনের জবাব চাই” “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ” “আকমলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ” এমন স্লোগান তুলে বিক্ষোভ প্রকাশ করেন তারা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সোলাইমান আলীর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে অভিযুক্ত আকমল হোসেনসহ হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারির দেন বক্তারা।