খুলনায় “সিফুডস সোসাইটি”র আনুষ্ঠানিক যাত্রা শুরু

খুলনায় মাছ শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারী এবং ফুড বায়িং এজেন্ট প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিদের অংশগ্রহণে নতুন কল্যাণমূলক সংগঠন “সিফুডস সোসাইটি”-র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সিটি প্যালেস, ১৬ হাজি মহসিন রোড, খুলনা-এ আয়োজিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় বক্তারা বলেন, সিফুডস সোসাইটির মূল লক্ষ্য হলো মাছ শিল্প সংশ্লিষ্ট সকলকে একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের আওতায় এনে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করা। একই সঙ্গে সদস্যদের অর্থ সঞ্চয়ের মাধ্যমে সমাজ ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করাও সংগঠনটির অন্যতম উদ্দেশ্য। সভায় সর্বসম্মতিক্রমে গঠিত প্রাথমিক কমিটিতে সভাপতি নির্বাচিত হন জনাব তাহের সাহেব, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব জালাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন জনাব আইয়ূব রেজা। সংগঠনের সার্বিক পরামর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব শহিদুল ইসলাম, ডাইরেক্টর, Apollo Seafood। এ সময় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস কে ইমরান জাহিদ, জনাব নিজামুল কবির, জনাব জুলেল, জনাব আসরাফ, জনাব খোকন সাহেবসহ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যবৃন্দ। সভায় একটি আনুষ্ঠানিক রেজুলেশন গৃহীত হয়। এতে সংগঠনের আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে তিন সদস্যের স্বাক্ষরে একটি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ও নীতিমালা প্রণয়নের বিষয়েও আলোচনা হয়। সভাপতি তার বক্তব্যে বলেন, “এই সংগঠন মাছ শিল্প সংশ্লিষ্ট সকলের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” সাধারণ সম্পাদক বলেন, “ভবিষ্যতে সিফুডস সোসাইটি সামাজিক উন্নয়ন, মানবকল্যাণমূলক কার্যক্রম এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।” পরিশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Read More »