বান্দরবানের আলীকদমে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা আনুমানিক ১১টা ৫০ মিনিটে আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কের ৪নং কুরুকপাতা ইউনিয়নের কচুরছড়া ব্রিজের (১নং ভিউ পয়েন্ট) পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিবরণ ও নিহতের পরিচয়: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরুকপাতা বাজার থেকে দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল আলীকদম সদরের দিকে আসছিল।
পথিমধ্যে কচুরছড়া ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ চালকের চোখে পোকা পড়লে তিনি নিয়ন্ত্রণ হারান। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশের পাহাড়ে সজোরে ধাক্কা খায়। এতে চালকসহ মোট তিনজন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি চালক আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরোহী লাংতুব মুরং (৭০) মৃত্যুবরণ করেন।
নিহত লাংতুব মুরং লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লাইল্যাপাড়ার লুনওয়াই মুরং-এর ছেলে।
আহতদের অবস্থা: দুর্ঘটনায় আহত বাকি দুইজন বর্তমানে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন—মোটরসাইকেল চালক রিংরাউ মুরুং (২০) এবং আরোহী লংপং মুরং (৩৫)।
চালক রিংরাউ আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের লেলংপাড়ার বাসিন্দা এবং আহত আরোহী লংপং মুরং লামা উপজেলার লাইল্যাপাড়ার বাসিন্দা।
আইনি কার্যক্রম: খবর পেয়ে আলীকদম থানার এসআই জহিরুল ইসলাম হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। আলীকদম থানা পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




