মঙ্গলবার,১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, নাক গলানো গ্রহণযোগ্য নয়: চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি। এ বিষয়টিকে ইরানের অভ্যন্তরীণ ব্যাপার আখ্যা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বেইজিং।

সোমবার (৯ মার্চ) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন আজ সোমবার সাংবাদিকদের বলেন, ইরান তার সংবিধান মেনেই নতুন নেতাকে বেছে নিয়েছে।

নতুন নেতার বিরুদ্ধে ইসরায়েলের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, ‘কোনো যুক্তিতেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো গ্রহণযোগ্য নয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সবার সম্মান জানানো উচিৎ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা করে বসে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। সেই হামলায় নিহত হোন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

গত ৪ মার্চ আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরিকে হত্যার হুমকি দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাৎজ বলেন, ‘ইরানের সন্ত্রাসী সরকার ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা অব্যাহত রাখতে, যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও এ অঞ্চলের দেশগুলোর প্রতি হুমকি সৃষ্টি করতে এবং ইরানের জনগণকে শোষণ করতে নতুন কোনো নেতা নিয়োগ দিলে তাকে নির্মূল করার উদ্যোগ নেওয়া হবে। তার নাম যাই হোক না কেন এবং তিনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, তাকে হত্যা করা হবে।’

এর আগে এবিসি নিউজকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো নেতা দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পারবেন না।

তিনি বলেন, ‘ইরানের নতুন নেতাকে আমাদের অনুমোদন নিতে হবে। যদি তিনি আমাদের অনুমোদন না পান, তাহলে তিনি বেশিদিন টিকবেন না।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন