এসিল্যান্ডের ড্রাইভারের বিরুদ্ধে অভিযোগ” দুদক-জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে আবেদন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের মাস্টাররোল ড্রাইভার মো. আবদুল ওয়াদুদ মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ পন্থায় কোটি টাকার সম্পদ অর্জন এবং সর্বসাধারণের চলাচলের রাস্তা দখলসহ মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে আবদুল ওয়াদুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
অভিযুক্ত ড্রাইভারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের বিভাগীয় সমন্বিত কার্যালয় এবং গাইবান্ধার জেলা প্রশাসক বরাবর পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গণস্বাক্ষরকারীগণ।​
অভিযোগ সূত্রে জানা যায়, ড্রাইভার ওয়াদুদ তার  প্রভাব খাটিয়ে এলাকায় সাধারণ মানুষের ওপর ক্ষমতার প্রভাব ও জুলুম চালিয়ে আসছেন বলে  অভিযোগে উল্লেখ করেন ।
 গত ৪–৫ বছরে তিনি নিজের ও স্ত্রীর নামে প্রায় কোটি টাকা মূল্যের ৪ থেকে ৫ বিঘা জমি ক্রয় করেছেন এবং ইউনিয়ন পরিষদের সরকারি রাস্তার জায়গা দখলসহ  ৩০ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করেছেন।
 উক্ত রাস্তা ও সরকারি জমি দখলের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ক্ষমতার দাপট দেখিয়ে নানাভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।​
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এসি-ল্যান্ড (ভূমি) সহকারি কমিশনার ক্ষমতার ভয় দেখিয়ে তিনি যেকোনো সময় স্থানীয়দের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, জেল-জরিমানা এবং মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখান।
সম্প্রতি, সরকারি রাস্তা দখল ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মামলা ( জি আর মামলা নং- ১৯৭/২৬, তারিখ: ০৯/০৮/২০২৬ তারিখে দায়ের করেন।
কোনো প্রকার সঠিক তদন্ত ছাড়াই পুলিশ প্রতিবাদকারীদের থানায় নিয়ে মামলা এন্ট্রি করে এমন অভিযোগের কথাও উল্লেখ করা হয়।
এতে পুরো এলাকায় ব্যাপক ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।​
এলাকাবাসীর পক্ষে মো. নছিবর রহমান, মো. মাসুদ আকন্দ, মো. বিশ্বাস শেখ,মো.সোহাগ শান্তসহ প্রায় ১৫ জন লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ সম্পদ অর্জনকারী ও দখলদার ড্রাইভারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন