কক্সবাজারের ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১, পরিবারে নেমেছে শোকের ছায়া

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে ছাবের আহমদ (৬৯) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে পূর্ব গজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় প্রতিদিনের মতো ভোররাতে নিজ জমির ধানক্ষেত পাহারা দিতে যান ছাবের আহমদ। এ সময় হঠাৎ একটি বন্য হাতি ধানক্ষেতে ঢুকে পড়ে এবং তাকে আক্রমণ করে।
পাশের খেতে পাহারায় থাকা কৃষক জামাল উদ্দিন জানান, “হাতিটি শুঁড় দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
সাতঘরিয়া পাড়া জামে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, “ফজরের আজানের আগে হাতির গর্জন শুনে বাইরে এসে দেখি মসজিদের পাশে তার নিথর দেহ পড়ে আছে।
নিহতের পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা। স্থানীয় ইউপি সদস্য জুবায়েদ উল্লাহ্ জুয়েল বলেন, “ছাবের আহমদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার বড় ছেলে মানসিকভাবে অসুস্থ। পরিবারটি এখন চরম বিপদের মুখে পড়েছে।” তিনি দ্রুত ক্ষতিপূরণ ও সহায়তার দাবি জানান।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বনাঞ্চল সংকুচিত হওয়া এবং মানুষের বসতি সম্প্রসারণের কারণে মানুষ-হাতি সংঘাত দিন দিন বাড়ছে। হাতির চলাচলের পথ (করিডর) রক্ষা, আগাম সতর্কতা ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়তে পারে।
বন বিভাগের ঈদগাঁও রেঞ্জ অফিসার উজ্জ্বল হোসাইন জানান, “পাহাড়সংলগ্ন এলাকায় খাদ্যের সন্ধানে বন্য হাতির লোকালয়ে প্রবেশ বেড়েছে, ফলে সংঘাতও বাড়ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন