গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও চোলাই মদসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুদ রানা শামীম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জামালপুর ইউনিয়নের বাগমারপাড়া এলাকার মোল্লারটেক এলাকায় অভিযান চালান। এ সময় বাঁশঝাড় থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সাইদুল ইসলাম (লিপু), পনির হাসান, মোঃ কাউছার, নাবিদুল, সাইম কিবরিয়া ও মোঃ আতিকুল্লাহ (তাওছিন)। তাদের কাছ থেকে মোট ৪২ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৪.২ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২,৬০০ টাকা। এছাড়া ইয়াবা সেবনের ৩টি পাইপ জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৯টা ১০ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ আয়ুবুল ইসলাম নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সমীর বিশ্বাস (৩৫) নামে একজনকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ (মূল্য প্রায় ৭,৫০০ টাকা), ৫ লিটার পচা গুড় মিশ্রিত মদ তৈরির উপকরণ, একটি Petromax LPG গ্যাস সিলিন্ডার এবং একটি লোহার গ্যাসের চুলা উদ্ধার করা হয়।
এছাড়া রাত ১০টা ৫ মিনিটে এসআই (নিঃ) মোহাম্মদ মিজানুর রহমান সিংলাব এলাকায় অভিযান চালিয়ে জীবন দাস (৪০) কে গ্রেফতার করেন। তার বসতঘর থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।




