কা‌লিগ‌ঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুরুতর আহত

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩ জুন) ভোররাত আনুমানিক ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

​আহতরা হলেন—কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহিন (২৮)।

​স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ও শাহীন প্রায় এক বছর আগে অবৈধ পথে ভারতে গিয়ে তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখান থেকে দেশে ফেরার উদ্দেশ্যে বুধবার ভোররাতে তারা কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন কালিন্দী নদী সাঁতরে পার হচ্ছিলেন। এ সময় ভারতের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোর পৌনে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

​কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজায়েত হোসেন জানান, ভোররাতে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

​কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত থেকে আসার সময় তারা বিএসএফের গুলির শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছে।

​তবে সীমান্তে গুলি বর্ষণের এই ঘটনাটি অস্বীকার করেছেন সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার রাজিব। তিনি জানান, গত রাতে তিনি নিজেই উপ-অধিনায়ককে সঙ্গে নিয়ে বাঁশঝাড়িয়া ও শৈলপুরসহ সীমান্ত এলাকায় টহলে ছিলেন। তার ব্যাটালিয়নের আওতাধীন কোনো সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন