উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাপ্ত হলো ৩ দিনব্যাপী ১০ম উপজেলা স্কাউটস সমাবেশ।
শনিবার রাতে উপজেলা স্কাউটসের উদ্যোগে স্থানীয় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে আয়োজিত এ সমাবেশের সমাপনী ও প্রদীপ প্রজ্জ্বলন (ক্যাম্প ফায়ার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার সভাপতি সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশের সমাপনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মহসীন,বাংলাদেশ স্কাউটস কোটালীপাড়া উপজেলার সাধারণ সম্পাদক মো: ইদ্রিসুর রহমান বক্তব্য রাখেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করে। নিয়মকানুন, শৃঙ্খলা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে স্কাউটদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। মাদক মুক্ত, আলোকিত ও সমৃদ্ধ সমাজ গঠনে স্কাউটরা সবসময় সামনের সারিতে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
তিন দিনব্যাপী এই সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল অংশগ্রহণ করে। সমাবেশ প্রাঙ্গণে তাবু বাস, কৌশলগত প্রশিক্ষণ, শারীরিক কসরত, প্রাথমিক চিকিৎসা ও নানা ধরনের সামাজিক কার্যক্রমে মেতে ছিল খুদে স্কাউটরা।
অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজিত হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও গ্র্যান্ড ক্যাম্প ফায়ার।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা স্কাউটসের কমিশনার ও সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক মণ্ডলী এবং স্কাউট লিডারগণ উপস্থিত ছিলেন।




