খসবা বাজার থেকে আলীগঞ্জ বাজার হয়ে রাণীগঞ্জ পর্যন্ত সড়কে চলমান উন্নয়ন কাজ এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একইভাবে আলীগঞ্জ বাজার হয়ে রাণীগঞ্জ বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে কাজ চলমান থাকলেও, নিরাপত্তামূলক কোনো ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের দু’পাশে বড় বড় গর্ত করে কাজ পরিচালনা করা হচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোথাও কোনো সতর্কতামূলক চিহ্ন, যেমন কসনটেপ, ব্যারিকেড বা সাইনবোর্ড ব্যবহার করা হয়নি। ফলে দিনের বেলায় যেমন যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, তেমনি রাতের অন্ধকারে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
এলাকাবাসী জানান, হঠাৎ করে গর্তে পড়ে মোটরসাইকেল ও রিকশা দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের সময় পথচারীদের জন্য এটি মারাত্মক বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার কাজ হওয়া ভালো, কিন্তু নিরাপত্তার কোনো ব্যবস্থা না থাকলে এটি আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অন্তত কসনটেপ বা সতর্কতা চিহ্ন দিয়ে জায়গাগুলো চিহ্নিত করা উচিত ছিল।”
এ বিষয়ে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কসনটেপ, ব্যারিকেড ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করে জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে।




