গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মে) সকালে দফায় দফায় সংঘর্ষে শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
রবিবার সকালে আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছুটোছুটি করতে দেখা যায়। এ সময় পুরো শহীদ মিনার এলাকা আতঙ্কিত পরিবেশে রূপ নেয়।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, নিজস্ব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও বাস্তব সমস্যার সঙ্গে বেশি পরিচিত হওয়ায় অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।




