ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ১১৭টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে আ. গফুর মুন্সী ফাউন্ডেশন। রবিবার (২ আগস্ট) বিকেল ৩ ঘটিকায় আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর।
এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, উপজেলা বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা,আলহাজ্ব মৃধা আ. গফুর মুন্সী ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত হোসেন ও আশরাফুল ইসলাম, আব্দুর রাজ্জাক মাস্টার, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, আ. গফুর মুন্সী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ, মসজিদ নির্মাণে সহযোগিতা, দরিদ্র পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান প্রদান, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের অংশ।
এদিন বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ এবং ১ প্যাকেট মুড়ি। প্রতিটি পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সমাজে অনেকেরই অর্থ-সম্পদ রয়েছে, কিন্তু মানবতার সেবায় তা ব্যয় করার মানসিকতা সবার থাকে না। আ. গফুর মুন্সী ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অন্যদেরও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।
ত্রাণ পেয়ে উপকারভোগী পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও এ মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।




