রাজশাহীর চারঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব এম. এ হাদী কলেজে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা, বিদায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব জাকিরুল ইসলাম বিকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জনাব জান্নাতুল ফেরদৌস, ভারপ্রাপ্ত এসিল্যান্ড রাহাতুল করিম মিজান, রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হক, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় সুধীজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণ প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।”
বক্তারা শিক্ষার গুরুত্ব, শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।




