চিকিৎসাক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে তারা যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে তাদের নির্মূল করা হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরহাদ হোসেন আজাদ।
শনিবার দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, “চিকিৎসাক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে সঙ্গে নিয়ে আমরা তাদের নির্মূল করব।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। সরকারি হাসপাতাল কোনো ব্যক্তি, সংগঠন বা ব্যক্তিগত ফান্ডের মাধ্যমে পরিচালনা করা সম্ভব নয়। এখানে সরকারের সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে দ্রুত সেবা চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি, শিগগিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারব। চালু করতে না পারলে এই কমিটির সভাপতি হিসেবে এক সেকেন্ডও থাকার ইচ্ছা আমার নেই।”
এ সময় পঞ্চগড়ের বাইপাস সড়ক ও রেলে ভালো মানের বগি সংযোজনের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুরোধ করার কথা জানান তিনি। পাশাপাশি সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর—সব শ্রেণি-পেশার মানুষ যেন সমান সুযোগ-সুবিধা পান, সেজন্য সিভিল সার্জনসহ চিকিৎসকদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামাতের জেলা আমির ইকবাল হোসেন, জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিএনপির নেতৃবৃন্দ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

