চৌদ্দগ্রামে ফার্নিচার দোকানের বাথরুমে ‘গাঁজার গুদাম, ১৪৮ কেজি উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর ইউনিয়নে ছুপুয়ায় একটি ফার্নিচার দোকানের পেছনে বাথরুম থেকে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় এক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১৮ মে) ভোর সাড়ে ৬টার দিকে আমাগন্ডা বিওপির একটি টহল দল চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত মোঃ ফাহাদ মিয়ার ফার্নিচার দোকানের পেছনের বাথরুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ১৪৮ কেজি বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় অভিযুক্ত ফাহাদ মিয়া (২৮) পলাতক রয়েছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপুর গ্রামের কামাল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদক চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন