জনসাধারণের নিরাপদ ও সুপেয় পানির চাহিদা পূরণে জয়পুরহাটের শান্তা স্কুল মোড়ে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করেছে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্প্রতি ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত এই নলকূপের মাধ্যমে পথচারী, স্থানীয় দোকানদার ও ক্রেতা, স্কুলের শিক্ষার্থী, শান্তা জামে মসজিদের মুসল্লি, আশপাশের মাঠে কর্মরত কৃষকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিরাপদ ও সুপেয় পানির সুবিধা পাবেন।
নলকূপ স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি মোঃ রিপন হোসেন, শান্তা জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা জনস্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবাম ফাউন্ডেশন বাংলাদেশের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকাবাসী জানান, শান্তা স্কুল মোড়ের মতো জনসমাগমপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থা হওয়ায় সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। এ মহৎ উদ্যোগের জন্য তারা আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শামসুল আলম খান মুরাদ, ফাউন্ডেশনের সকল দায়িত্বশীল ব্যক্তি ও সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আবাম ফাউন্ডেশন বাংলাদেশ মানুষের কল্যাণে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে অব্যাহত রাখবে।
উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন এলাকায় নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।


