শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, ‘আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন করো। আর যদি মনেই করো, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো।’
রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি ।
এসময় শিক্ষার্থীদের হাত ধরেই আগামীর জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলেও মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে কখনও এগোতে দেয়া যায় না।’
তিনি বলেন, ‘অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অযুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এই দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।’
এছাড়া এসএসসির ফল প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘শূন্য পাশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেয়া হবে। সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো কেন ভালো করছে না, তাও খতিয়ে দেখবে সরকার।’




