জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল না পেয়ে ক্ষুব্ধ মোটরসাইকেল চালকেরা সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকার মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
অবরোধকারী এক মোটরসাইকেল চালক বলেন, আমরা শুনেছি পাম্পে তেল আছে। তাই আমরা মধ্যরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু তারা সকালে বলছে যে তেল নেই। সকালে কেন বলবে? আমাদের রাতেই বলতো, যে তেল নেই। তাহলে আমরা চলে যেতাম, অপেক্ষা করানোর মানে কি।
আরিফা (২১) নামের এক যাত্রী বলেন, দেশে যে তেলের সংকট চলছে এটা এখন আর নতুন কিছু না এটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। এটাকে এখন আর গুরুত্বপূর্ণ মনে হয় না। এই বিষয় নিয়ে মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করে আমাদের আটকে রেখেছে এটাও তো ঠিক না।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী ঢাকা পোস্টকে বলেন, মোটরসাইকেল চালকরা রাস্তা অবরোধ করেছে এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নিয়েছে। এখন সবকিছু স্বাভাবিক।




