জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, দিনাজপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য মো. আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাসুদ রানা এবং উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সোহানুর রহমান সোহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা হবে এবং অর্থপাচারসহ নানা অনিয়ম রোধ করা সম্ভব হবে। তারা অভিযোগ করেন, সরকারের অনীহার কারণে গণভোটে জনগণের দেওয়া রায় এখনো বাস্তবায়িত হয়নি।
বক্তারা আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ গণভোটে সংস্কারের পক্ষে মত দিয়েছে। জনগণের সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিল ও সমাবেশে জামায়াত এবং এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



