জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন, এমপি।
বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রতিমন্ত্রী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের বার্তা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচিতেও প্রতিমন্ত্রী অংশগ্রহণ করছেন।




