ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর ভূমি অফিসে জমির নামজারি সংক্রান্ত ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিককে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমাস নামে এক ব্যবসায়ী তাঁর জমির নামজারি করতে নবীনগর ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান তাঁর কাছে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
অভিযোগ রয়েছে, ঘুষ লেনদেনের বিষয়টি মোবাইল ফোনে ধারণ করতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন। এ সময় তাঁদের লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে প্রতিবাদ করলে তিন সাংবাদিকসহ কয়েকজন সেবাগ্রহীতা ও অফিস স্টাফকে অফিসের ভেতরে আটকে রেখে বাইরে থেকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে তালাবদ্ধ অবস্থায় থাকা সাংবাদিকদের উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।




