বিনা প্রয়োজনে তেল নিতে বা তেলের মজুত ঠেকাতে অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়েছে রাজবাড়ীর পাংশায়। বুধবার পাংশা ফিলিং স্টেশনে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রথম দিনেই ১৫ জন মোটরসাইকেলচালককে চিহ্নিত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
জানা গেছে, অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ পদ্ধতিতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, প্লেট নম্বর এবং গৃহীত তেলের পরিমাণ ডিজিটালি সংরক্ষণ করা হবে। গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কোনোভাবেই তেল সরবরাহ করা হবে না। একবার তেল নিয়ে যাওয়ার পর পুনরায় কেউ পাম্পে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তাঁকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক বলেন, বেশ কয়েক দিন ধরে তেলের সংকট চলছে। কেউ কেউ বিনা প্রয়োজনে তেল নিয়ে মজুত করছে। এটি ঠেকাতে তারা নতুন এই অ্যাপটি তৈরি করেছেন। পরীক্ষামূলকভাবে পাংশায় এটি শুরু করা হয়েছে। এর মাধ্যমে একাধিকবার বা বিনা প্রয়োজনে তেল নেওয়ার প্রবণতা কমবে। সফল হলে অন্য উপজেলায়ও আগ্রহীরা এভাবে তেল নিতে পারবেন।




