ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সর্বজনগ্রাহ্য করতে বাংলা কিউআর (Bangla QR) বিষয়ে আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, জয়পুরহাট শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সহকারী অফিসার মো. হুজাইফা।
স্বাগত বক্তব্যে এফভিপি অ্যান্ড ম্যানেজার অপারেশন (এমও) মো. জামাল উদ্দিন বাংলা কিউআরের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের অতিরিক্ত পরিচালক মো. আতিকুর রহমান। তিনি বলেন, বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করবে। ব্যবসায়ী ও গ্রাহক উভয়ের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যা নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় করে তুলবে।
কর্মশালায় স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলা কিউআরের ব্যবহার, বাস্তবায়ন পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবহারিক দিক তুলে ধরেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের উপপরিচালক শুভ্র বসাক, সহকারী পরিচালক মো. রাকি মিয়া এবং সহকারী পরিচালক পল্লব কুমার চাকী। তাঁরা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া জোনের ইভিপি ও জোন প্রধান শিকদার মো. শিহাবুদ্দীন বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে নিরাপদ ও আধুনিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে বাংলা কিউআর একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক সবসময় আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির জয়পুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান আব্দুস সামাদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, গ্রাহকদের মাঝে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ব্যাংক কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে বাংলা কিউআর বিষয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা এ উদ্যোগকে সময়োপযোগী ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণে কার্যকর বলে অভিমত ব্যক্ত করেন।




