বাউফলে এসএসসি ফলাফলে শীর্ষে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়

পটুয়াখালীর বাউফলে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে ১৬টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টির পাসের হার ৭০ দশমিক ২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন এ তথ্য নিশ্চিত করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মোট ১৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে মানবিক বিভাগের নিয়মিত ৭৩ জনের মধ্যে ৪৮ জন এবং অনিয়মিত ২৮ জনের মধ্যে ১৪ জন, বিজ্ঞান বিভাগের নিয়মিত ৩৪ জনের মধ্যে ৩৪ জন এবং অনিয়মিত ১৫ জনের মধ্যে ৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের অনিয়মিত ২ জনের মধ্যে ১ জনসহ মোট ১০৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন জিপিএ-৫ অর্জন করেছেন।
বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী জাকিয়া সুলতানা অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমাদের ভালো ফলাফলের পেছনে সবচেয়ে বড় অবদান আমাদের শিক্ষকদের। তাঁরা পরম যত্ন ও আন্তরিকতার সঙ্গে আমাদের পড়াশোনা করিয়েছেন। বিশেষভাবে আমাদের প্রতি নজর রেখেছেন। তাঁদের প্রচেষ্টার কারণেই আজ আমাদের বিদ্যালয় পুরো উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি শিরিন বলেন, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং বিশেষ শ্রেণি পাঠদানের ব্যবস্থা করাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা আন্তরিকভাবে কাজ করেছেন। বিশেষ করে ম্যানেজিং কমিটির সভাপতি সার্বক্ষণিকভাবে বিদ্যালয়ের কার্যক্রমের খোঁজখবর নিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসান রাসেল বলেন, উপজেলার মধ্যে সর্বাধিক জিপিএ-৫ অর্জনের সাফল্য আমাদের জন্য গৌরবের। বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের ত্যাগ এবং বিদ্যালয় প্রধানের দূরদর্শী নেতৃত্বের কারণে এ গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
বাউফল উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী বলেন, এসএসসি ফলাফলে বাউফল উপজেলায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় সর্বাধিক সংখ্যক জিপিএ-৫ অর্জন করেছে। এটি অত্যন্ত আনন্দের খবর।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন