আত্মমর্যাদা, পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ১১মে ২০২৬ইং তারিখ রোজ(সেমবার), রাজশাহীর বানেশ্বরে মানববন্ধন, বিক্ষোভ র্যালি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), রাজশাহী জেলা বানেশ্বর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও মাঠপর্যায়ে নানা সময় অপমান, অবহেলা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হয় তাদের। মানববন্ধনের ব্যানারে লেখা ছিল— “আমরা দালাল নই, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত এবং মেডিকেল বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধি।”
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চিকিৎসক, হাসপাতাল ও রোগীদের কাছে আধুনিক ওষুধ ও চিকিৎসাবিষয়ক তথ্য পৌঁছে দিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তারা অভিযোগ করেন, অনেক ক্ষেত্রেই তাদের পেশাগত পরিচয়কে খাটো করে দেখা হয়, যা অত্যন্ত দুঃখজনক।
বক্তারা আরও বলেন, দেশের ওষুধ শিল্প জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হলেও মাঠপর্যায়ের কর্মীদের জন্য এখনো সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হয়নি। দীর্ঘ কর্মঘণ্টা, মানসিক চাপ এবং নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্য দিয়েই দায়িত্ব পালন করতে হচ্ছে তাদের।
এ সময় বক্তারা বলেন, “আমরা যদি অর্ডার না নিই, তাহলে জনগণ ওষুধ পাবে না। ওষুধের অভাবে মানুষ মারা যাবে। তাই আমাদের কাজের গুরুত্ব অনুধাবন করে যথাযথ মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।”
এর আগে একটি বিক্ষোভ র্যালি বানেশ্বর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও প্রতিবাদ সভা।
কর্মসূচি শেষে সংগঠনের নেতারা পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং প্রশাসনিক সহযোগিতা কামনা করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।



