প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন’। ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের তৃতীয় সংস্করণে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ রিয়াদরা। টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াডে মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানকেও দেখতে চান আয়োজক ও সংশ্লিষ্টরা। তবে তাদের অন্তর্ভুক্তি নির্ভর করছে সরকারের ইতিবাচক সংকেতের ওপর।
টুর্নামেন্ট উপলক্ষে গতকাল শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তবে দলটির সিইও শাহনিয়ান তানিম স্পষ্ট করে জানিয়েছেন, এই টুর্নামেন্টের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আনুষ্ঠানিক কোনো সম্পৃক্ততা নেই। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিবির সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ভবিষ্যতে বিসিবির কোনো সমর্থন প্রয়োজন হলে সেটিও চাওয়া হবে বলে জানান তিনি।
আগামী ২৫ জুলাই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা বাংলাদেশের। আট দলের এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, আর প্রতিযোগিতাটিতে সাধারণত হয় বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট। সে কারণেই বাংলাদেশ দলের শক্তি বাড়াতে অভিজ্ঞ মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানকে দলে চান শাহনিয়ান তানিম। তার ভাষ্য, তাদের দুজনকেই শুধু ক্রিকেটার হিসেবে দেখা হয়। তবে বর্তমান আইনি জটিলতা ও রাজনৈতিক বাস্তবতার কারণে আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। পরিস্থিতির উন্নতি হলে তাদের জন্য দলের দরজা সবসময় খোলা থাকবে বলেও জানান তিনি।




