যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি অপরিশোধিত তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ফলে আকাশজুড়ে দেখা যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) বিকেলে এই বিস্ফোরণ ঘটে।
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) বিকেলে টেক্সাসের পোর্ট আর্থারের ভ্যালেরো এনার্জি করপোরেশনের একটি শোধনাগারে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরে শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। এ কারণে শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ জারি করে।
ভ্যালেরো এনার্জি করপোরেশনের এক প্রতিনিধি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে জানান, শোধনাগারের সব কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং তারা নিরাপদে রয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন বাসিন্দা ১২ নিউজকে জানান, পুরো এলাকায় পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অন্য বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের কারণে তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে ওঠে।
জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস জানান, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের কম্পন অনুভব করা স্থানীয় বাসিন্দারা বিস্ময় প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ শহর খালি করার উদ্যোগ নেয়নি। এক নারী ফেসবুকে লিখেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের সরিয়ে নেওয়া উচিত।




