কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় গভীর রাতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব জাফর আলম কালুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ২ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ হিসেবে বৈদ্যুতিক লাইনের অতিরিক্ত তাপ (ওভারহিট) থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, এটি নিছক দুর্ঘটনা নাও হতে পারে। তাদের আশঙ্কা, পূর্ব শত্রুতার জেরে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
এ বিষয়ে চকরিয়া থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন দ্রুত তদন্তের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসে।




