চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের প্রত্যন্ত বেতছড়ি এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের বেতছড়ি মধ্যবর্তী পাহাড়ি এলাকার তালাবদ্ধ ওই বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এলাকাটি অত্যন্ত দুর্গম এবং উঁচু পাহাড়ে অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা সংকীর্ণ। ফলে খবর পেয়েও ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বসতবাড়ির আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ড ঘরের মালিকের ভাগিনা তারেক জানান,
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ২০দিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় আছে, অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইসলামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিপসী তংচংগ্যা জানান, এলাকাটি প্রত্যন্ত হওয়ায় যেকোনো দুর্ঘটনায় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। আমি সামর্থ্যবানদের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান রনি ঘটনার খবর পেয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “ঘটনা শোনার পরপরই আমি আমাদের দলীয় নেতাকর্মীদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। এই অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য আমি সকল নাগরিকের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।
ইসলামপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি, চরনশিং এবং স্থানীয়রা জানান এই দুর্গম এলাকায় ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে বিশেষ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন।




