রাজশাহী কলেজ রোভার-স্কাউট গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে ৫৩তম তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান। গতকাল সোমবার দুপুরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী বুধবার পর্যন্ত মুখরিত থাকবে এই আয়োজন।
সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই দীক্ষা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ও রোভার-স্কাউট গ্রুপের সভাপতি প্রফেসর ড. ইব্রাহিম আলী। উদ্বোধনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জীবনের বিভিন্ন সময়ে আমাদের নানা প্রতিকূল পরিস্থিতিতে ও ভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিতে হয়। এই তাঁবুবাস মূলত শিক্ষার্থীদের সেই বাস্তব অভিজ্ঞতা ও মানসিক প্রস্তুতি গড়ে তোলার একটি অনন্য সুযোগ। আশা করি, সকল সদস্য আনন্দের সাথে এই কার্যক্রমে অংশ নিয়ে নিজেদের সমৃদ্ধ করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু ইউনুছ আলী এবং রোভার-স্কাউটের গ্রুপ সম্পাদক প্রফেসর ড. হাসনা আরা বেগম। এছাড়া আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট লিডার ড. জহিরুল ইসলাম, তরিকুল ইসলাম আনসারীসহ সাবেক রোভার সদস্য, সিনিয়র রোভারমেট ও বিভিন্ন উপদলের সদস্যরা।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ৩ দিনব্যাপী এই ক্যাম্পে কলেজের বিভিন্ন বিভাগের মোট ২৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। ক্যাম্প চলাকালীন অংশগ্রহণকারী রোভার সদস্যরা ক্যাম্প ফায়ার, তাঁবু নির্মাণ, আকর্ষণীয় প্যারেড, দীক্ষা গ্রহণ, ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন ধরনের গিঁট বাঁধা এবং পতাকা বিধিসহ স্কাউটিংয়ের মৌলিক ও ব্যবহারিক বিষয়গুলোতে বাস্তব প্রশিক্ষণ লাভ করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বগুণ, কঠোর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




